ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা এ সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা মহানবী (সা.) ও অন্যান্য নবী-রাসুলকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানান। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।
বক্তারা বলেন, কোনো ধর্মের নবী-রাসুল কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বক্তব্য, লেখা বা প্রচার চালানোর সুযোগ থাকা উচিত নয়। তারা ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়, সেজন্য আরো কঠোর আইন প্রয়োজন বলে উল্লেখ করেন।
ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ। এতে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামি বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহফুজুল হক, মুফতি ইমাদুদ্দিন, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম।