মুন্সীগঞ্জের মীরকাদিমে এক ব্যক্তি নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ ঘটনায় ওই ব্যক্তিকে ঘিরে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছে।
সংসদে এমপি রতন অভিযোগ করেন, ওই ব্যক্তিকে ‘ভুয়া’ ও ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, জুলাই আন্দোলনে শহীদ একজনের বাবা হওয়ায় তার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবির কারণে তাকে ওই ‘ভুয়া’ ইমাম মাহাদির সঙ্গে যুক্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশনে এমপি রতন বলেন, মীরকাদিম পৌরসভায় গত দুই দিন ধরে একটি বিরাট ফেতনা তৈরি হয়েছে। তিনি জানান, ওই ব্যক্তির বাড়িতে হামলার চেষ্টা করছেন অনেকে।
এমপি রতন বলেন, ‘গতকাল রাত থেকেই সেখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আলেম-ওলামা এবং মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে তার বাড়িঘর হামলা করতে যাচ্ছে।’ তিনি আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক শহীদের বাবা হিসেবে।
তিনি বলেন, ‘আমি তাকে চিনি শারিকের বাবা হিসেবে। এই ভণ্ড, প্রতারক, ভুয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ এমপি রতন মুন্সীগঞ্জবাসী ও আলেম সমাজের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ জেলায় অংশ নেওয়া শহীদ হলেন শারিক চৌধুরী মানিক (২৯), যিনি মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার আনিছুর রহমান চৌধুরীর ছেলে এবং মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।