পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এসময় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। বক্তারা আলোচনা করেন, হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণীয়। তার শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির পথে পরিচালিত করে।
বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, মহান আল্লাহ মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমন মানবজাতির জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তিনি আরও বলেন, মহানবী (সা.) মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছেন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।