মাওলানা রকিব উদ্দিন মাকে নিয়ে কটূক্তির অভিযোগে অনুতপ্ত হয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর কাছে ক্ষমা চেয়েছেন। তাহেরী মঙ্গলবার (২৫ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানান।
তাহেরী বলেন, রকিব উদ্দিন তাঁদের বাড়িতে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি উল্লেখ করেন, ‘ক্ষমাই ইসলামের সৌন্দর্য।’ তাহেরী রকিবের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তাহেরী আরও বলেন, রকিব উদ্দিনের আচরণে যারা ব্যথিত হয়েছেন, তাদেরও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
গত রোববার (২৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ব্রিজের ওপর ‘তৌহিদী জনতা’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন রকিব উদ্দিন। সেখানে তাহেরীর মাকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে রকিব উদ্দিন অনুতপ্ত হয়ে তাহেরীর বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন।