রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালত স্বামীর করা যৌতুক মামলায় নার্স তানিয়া খাতুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজবাড়ী আদালত পুলিশের উপপরিদর্শক সুবির কুমার কর্মকার জানান, তানিয়া খাতুনকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মানবভ্রূণ নষ্ট ও অর্থ আত্মসাতের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. গোলাম মোস্তফা বলেন, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তানিয়া স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। তবে বাদী এবং আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর তানিয়া তার স্বামী সাখাওয়াত হোসেনের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না বলে জানান। পরে তিনি বাবার বাড়িতে চলে যান।
মো. সাখাওয়াত হোসেন ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলার বাদী সাংবাদিকদের বলেন, তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তানিয়া খাতুনের মা ফাতেমা বেগম জানান, তাদের মেয়ে ও সাখাওয়াতের বিয়ের বিষয়টি তারা জানতেন না।