রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাম্প্রতিক হামলাকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার সাথে তুলনা করেছেন এবং বলেছেন, এর জবাবে ইউক্রেনের সবচেয়ে ‘সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে’ কঠোর আঘাত হানবে রাশিয়া।
আজ শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন এ মন্তব্য করেন। চলতি গ্রীষ্মে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার এবং অনলাইন বিপণন কেন্দ্রগুলোর গুদামে ড্রোন হামলা জোরদার করেছে, যা রাশিয়ার সামরিক অর্থায়নের অন্যতম উৎস বলে দাবি করা হচ্ছে।
পুতিন বলেন, ‘কিয়েভ প্রশাসন আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পথ বেছে নিয়েছে। এতে তারা নিজেরাই প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে।’ তিনি ইউক্রেনের কৃষি খাত এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির পথ লক্ষ্য করে রাশিয়ার হামলার কথা উল্লেখ করেন।
তিনি ইউক্রেনের কৃষি রপ্তানি ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে খাদ্য সংকট তৈরি হবে—এমন আশঙ্কা নাকচ করে দেন। পুতিন জানান, রাশিয়া বিশ্ববাজারের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে এবং পণ্য সরবরাহে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তা দ্রুত সমাধান করা হবে।
এর আগে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির জন্য একটি চুক্তি কার্যকর থাকলেও ২০২৩ সালে তা থেকে সরে আসে রাশিয়া। সাক্ষাৎকারে শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন পুতিন। তিনি বলেন, বর্তমান ‘মাঠপর্যায়ের বাস্তবতাকে’ মেনে নিয়েই কেবল শান্তি আলোচনা হতে পারে।