ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা দেওয়া বন্ধ করতে হবে। তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম মুছে আগের নাম ফিরিয়ে দেওয়ার ঘটনায় আয়োজিত প্রতিবাদ ও ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
মুসাদ্দিক বলেন, ঐতিহ্যবাহী জিয়া হলের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, মুজিববাদকে তোষণ না করে জিয়া হলে একটি সুন্দর গেট নির্মাণ করা হোক। তিনি প্রশ্ন তোলেন, কেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা শেখ হাসিনার পরিবারের নামে রাখা হচ্ছে এবং এসব নাম পরিবর্তনের দাবি জানান।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে ইমেইলের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নিয়ে নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে প্রশাসনের বর্তমান পদক্ষেপ গণতান্ত্রিক নয় এবং এটি তাদের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে।
মুসাদ্দিক জানান, গত ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক উপায়ে পালন করে আসছেন। তিনি সিনেটের সর্বশেষ সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, যেখানে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলার কাজ শুরু হয়। হল প্রশাসন জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন করা হচ্ছে।
হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীরা মৌখিকভাবে নাম পরিবর্তনের বিষয়টি জানাচ্ছিলেন, যা অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে এবং সেটাই করা হচ্ছে।