কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টে মধ্যরাতে দখল হওয়া অন্তত ১০ একর খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। রোববার (১৬ আগস্ট) বিকেলে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সায়েম।
তানভীর হোসেন সায়েম সাংবাদিকদের জানান, রাতের আঁধারে সরকারি খাস খতিয়ানের এ জমি দখল করে টিন ও বাঁশের ঘেরা দেওয়া হয়েছে। তবে কারা এ দখলের সঙ্গে জড়িত তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। উদ্ধার করা জমিতে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে।
গত শুক্রবার ও শনিবার রাতে সুগন্ধা পয়েন্ট দিয়ে সৈকতে প্রবেশের রাস্তার পাশে টিন ও বাঁশের বেড়া দিয়ে সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী চক্র। আশপাশের ব্যবসায়ীদের দাবি, ওই জমির বর্তমান বাজারমূল্য ৫০০ কোটি টাকার বেশি।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৩ সালে সমুদ্র সৈকত সংলগ্ন প্রায় ১৩০ একর সরকারি জমিতে হোটেল মোটেল জোন গড়ে তোলা হয়। ওই জমিতে ৮৭টি প্লট তৈরি করে বিভিন্ন ব্যক্তির নামে ৯৯ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১০ সালে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না করায় ৫৯টি প্লটের ইজারা বাতিল করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, বাতিল হওয়া এসব প্লটে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ বা ইজারা দেওয়া আইনগতভাবে বৈধ নয়। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।