সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একদিনের এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে সফরের বিষয়টি নিশ্চিত করেন। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
দুরান বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলি’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। দুরান আশা প্রকাশ করেছেন যে, প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আঞ্চলিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সামুদ্রিক নিরাপত্তা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা। গত ফেব্রুয়ারিতে এরদোয়ানের রিয়াদ সফরের সময়ও একটি তুর্কি-সৌদি অক্ষ গঠনের আলোচনা হয়েছিল।