পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ‘জঙ্গিবাদের ন্যারেটিভ’ সামনে আনার চেষ্টা করছে। তিনি দাবি করেন, ক্ষমতায় থাকাকালে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করতে দলটি জঙ্গিবাদের প্রসঙ্গ তুলেছে এবং বিদেশে অবস্থান করেও একই কৌশল অনুসরণ করছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগের ‘জঙ্গিবাদ’ প্রসঙ্গ উত্থাপন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “এটি আওয়ামী লীগের পুরনো নোংরা রাজনীতি।”
শামা ওবায়েদ বলেন, “বর্তমানে বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ও বিরোধী দল রয়েছে। তাই দেশে জঙ্গিবাদের কোনো প্রশ্নই ওঠে না।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ পাওয়ার জন্য এসব প্রচারণা চালাচ্ছে।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।” তিনি জানান, দুই দেশের মধ্যে জ্বালানি, পানি, সীমান্তসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।
মানবাধিকার নিয়ে আওয়ামী লীগের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের মুখে মানবাধিকার ও গণতন্ত্রের কথা অত্যন্ত হাস্যকর।” তিনি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরেন এবং বলেন, “বাংলাদেশের মানুষ গত ১৭-১৮ বছরের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেবে না।”