ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, তিনি দলকে বিভ্রান্ত করে অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। বুধবার (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
সোহেল তাজ তার পোস্টে উল্লেখ করেন, শেখ হাসিনা বর্তমানে দেশে ফেরার কথা বলছেন। তিনি বলেন, একজন মানুষ কতটা নির্লজ্জ হলে তার সব কৃতকর্ম অস্বীকার করতে পারে। তিনি গণহত্যা, গুম, খুন, দুর্নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের ভুল স্বীকার না করে আওয়ামী লীগকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সোহেল তাজ ইতিহাসের উদাহরণ দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত স্বৈরাচারের ফিরে আসা প্রায় অসম্ভব।
তিনি উল্লেখ করেন, ইতিহাসে মাত্র তিনজন স্বৈরাচার সফলভাবে ফিরে এসেছেন, কিন্তু তাদের সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সোহেল তাজ দাবি করেন, শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে এবং তিনি ফিরে আসতে পারেন, তবে ক্ষমতায় যেতে পারবেন না।