এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। দুই দলের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু হবে ২৮ আগস্ট, যেখানে প্রথম ম্যাচে থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের।
৩১ আগস্ট বাংলাদেশ ও ইন্দোনেশিয়া নিজেদের প্রথম ম্যাচে লড়বে। পাকিস্তান ও থাইল্যান্ডের ম্যাচ ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হংকংয়ের ম্যাচ ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ৭ সেপ্টেম্বর পাকিস্তান হংকংয়ের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর বাংলাদেশ আরব আমিরাতের মোকাবেলা করবে।
প্রতি গ্রুপের শীর্ষ ২ দল সেমিফাইনাল ম্যাচ দুটি খেলবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। এশিয়া কাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।