রূপগঞ্জে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৫ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মো. ইয়াছিন (২৬) নামে একজনকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।