বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় করতোয়া নদীর তীরবর্তী জঙ্গলঘেরা স্থানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক শকারও জব্দ করা হয়, যা নির্যাতনে ব্যবহৃত হত।
শনিবার (১ আগস্ট) দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে কথিত সন্ত্রাসী চক্রের প্রধান রকি ও তার সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় চক্রের আরও পাঁচ থেকে সাত সদস্য করতোয়া নদী সাঁতরে পালিয়ে যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় সন্ত্রাসী চক্রটি অবস্থান করছিল। পুলিশের দাবি, চক্রটি মাদক কারবার, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবির একটি দল শনিবার রাতে সেখানে অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, তিনটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা।
ডিবির পরিদর্শক (ইনচার্জ) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রকি ও রাকিবের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ফেনসিডিল-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান এবং পরে নদীতীরের দুর্গম এলাকায় এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।