গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুদের টাকার পাওনাকে কেন্দ্র করে এক বিধবা নারীর গোয়ালঘর থেকে গাভী জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগী রোকেয়া বেওয়া দাবি করেছেন, সুদের হারসহ মূল ঋণ পরিশোধ করার পরও বেআইনিভাবে তাদের গাভীটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রোকেয়া বেওয়া গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন আবু হোসেন সরকার (৫৫) এবং তার স্ত্রী সপ্না বেগম রুবিনা (৪৫)।
অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে রোকেয়ার মেয়ে অজেদা বেগম আবু হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন, যার বিপরীতে সুদ বাবদ ৬০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। পরে গাভী বিক্রি করে মূল ঋণের টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু আবু হোসেন পরবর্তীতে ১২ হাজার টাকা সুদ দাবি করতে শুরু করেন।
গত বৃহস্পতিবার সকালে আবু হোসেন ও তার স্ত্রী সপ্না বেগম অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে রোকেয়া বেওয়ার বাড়িতে প্রবেশ করেন এবং জোরপূর্বক গাভীটি নিয়ে যান। গাভীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। ঘটনার পর রোকেয়া বেওয়া স্থানীয় ব্যক্তিদের কাছে গাভীটি উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।