মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক অগ্রগতি, যুদ্ধবিরতির পর আপাত স্বস্তির ইঙ্গিত।
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক অগ্রগতির ফলে সাময়িক স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর ইরান তাদের সামরিক অবস্থানে নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা বন্ধ থাকলে দেশটির সশস্ত্র বাহিনীও প্রতিরোধমূলক অভিযান স্থগিত রাখবে। এই অবস্থানকে আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়েও আশাব্যঞ্জক বার্তা দিয়েছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই সপ্তাহ প্রণালিটি দিয়ে নিরাপদ নৌচলাচল সম্ভব হবে। তবে এর জন্য সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে এবং নির্ধারিত কারিগরি নির্দেশনা মেনে চলতে হবে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান এর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাশাপাশি ইসরায়েলও এ যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি ও ধারাবাহিক সংলাপ অব্যাহত রাখা জরুরি।