নরসিংদীতে জেলা প্রশাসকের পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
নরসিংদী প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে নরসিংদী সদর উপজেলা অমৃতসাগর অডিটরিয়ামে বিভিন্ন উপকারভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নরসিংদী সদর জনাব আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়ক উপকরণ হস্তান্তর করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবান্ধব উপহার সামগ্রী প্রদান করেন। নাগরিক সেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন সদর উপজেলার উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, আমদিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং আমদিয়া ও শীলমান্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলে তাদের মতামত শোনেন এবং হয়রানি ও জটিলতা ছাড়াই সকল নাগরিক সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শন ও নির্দেশনা স্থানীয় জনগণের মাঝে সন্তোষের সঞ্চার করেছে এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।