জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, বরং পাকিস্তানের জনবহুল শহরাঞ্চলে অবস্থান করে। তিনি ৯/১১ হামলার সাথে জড়িত আল-কায়দা নেতাদের উদাহরণ দিয়ে এ কথা বলেন।
পারভাথানেনি ২০১১ সালে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদের মূল হোতারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুরক্ষায় শহরাঞ্চলে আশ্রয় পেয়েছিল।
তিনি আরো বলেন, অতীতে আল-কায়দাকে প্রশ্রয় দেওয়া পরিবেশ এখন লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মোহাম্মদের মতো গোষ্ঠীগুলোকেও আশ্রয় ও দায়মুক্তি দিয়ে চলেছে। এই গোষ্ঠীগুলো নাম বদলে জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছে বলেও তিনি জানান।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় ভারতীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে এসব সংগঠনের প্রশিক্ষণ শিবির ও অবকাঠামো ধ্বংস করা হয়েছিল।
পারভাথানেনি বলেন, বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সব ধরনের নিরাপদ আশ্রয়স্থল বন্ধ করতে হবে, যাতে নতুন করে কোনো সন্ত্রাসী হামলার শিকার না হয়।