যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে 'উড়িয়ে দিতে' হতে পারে বলে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানকে ধ্বংস করা অথবা চুক্তি করা—দুই পথের একটিতে শিগগিরই যেতে হবে।
স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে 'উড়িয়ে দিতে' হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ঘনিয়ে আসছে।
ট্রাম্প বলেন, 'হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। আপনাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দিই, অথবা আমরা একটি চুক্তি করি—সময় কিন্তু এসে যাচ্ছে।'
এদিকে, ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের 'প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে। তিনি বলেন, গত তিন দিনে এই সমুদ্রপথ দিয়ে তেল পরিবহন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে।
ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সামরিক বাহিনী 'পুরোপুরি ধ্বংস' হয়ে গেছে এবং যুদ্ধ শিগগিরই জয় করা হবে। তিনি বলেন, 'যেকোনো একটি উপায়ে আমরা খুব দ্রুত এই যুদ্ধে জয়ী হতে যাচ্ছি।'
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পরে এপ্রিল মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়। জুনে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে, তবে নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে সেটির বাস্তবায়ন থমকে যায়।