বাংলাদেশে কলেরার প্রথম ধাপের মুখে খাওয়ার টিকা (ওসিভি) কর্মসূচিতে লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৬ শতাংশ অর্জিত হয়েছে। প্রথম ডোজ থেকে বাদ পড়েছেন প্রায় সাড়ে ৮ লাখ মানুষ। সবচেয়ে কম টিকাদান হয়েছে নারায়ণগঞ্জে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৪৮ লাখ ৯৯ হাজার ৪৪০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে টিকা পেয়েছেন ৪০ লাখ ৪৭ হাজার ১৮ জন। ফলে ৮ লাখ ৫২ হাজার ৪২২ জন টিকার আওতার বাইরে রয়েছেন। বাদ পড়াদের বড় অংশই নারায়ণগঞ্জের।
গত ২২ আগস্ট দেশে প্রথমবারের মতো দুই ডোজের মুখে খাওয়ার কলেরার টিকা কর্মসূচি শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মহানগরের সাতটি থানা এবং চার জেলার সাতটি উপজেলাকে এ কর্মসূচির আওতায় আনা হয়। প্রথম ডোজ দেওয়া হয় ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
কর্মসূচির আওতায় রয়েছে কলেরার উচ্চঝুঁকিতে থাকা ১৪টি এলাকা। ঢাকার সাতটি থানা হলো লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও। নারায়ণগঞ্জে জনবসতি ছড়িয়ে-ছিটিয়ে থাকায় টিকাদান কার্যক্রম পরিচালনা কঠিন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানান, তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা ছিল না। তিনি বলেন, ‘এটি একটি প্রতিরোধমূলক টিকা। আমরা যতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করেছি, সেটিই জানিয়েছি।’