কৃষি মন্ত্রণালয় সার কার্যক্রম তদারকির জন্য ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কন্ট্রোল রুমের কার্যক্রম ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে চলবে।
কন্ট্রোল রুমের কার্যক্রম কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে পরিচালিত হবে। এ জন্য ২৭টি দল গঠন করা হয়েছে, প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন।
কন্ট্রোল রুম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। সার পরিবহণে অনিয়ম বা কালোবাজারি ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
কৃষক, সার ডিলার ও পরিবহনকারীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।