মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে প্যারোলের মেয়াদ শেষ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩ মিনিটে তিনি কারাগারে প্রবেশ করেন।
চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স ছিল ৭১ বছর। মায়ের মৃত্যুর পর পরিবারের আবেদনের ভিত্তিতে পাঁচ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জামিন নামঞ্জুরের পর সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন, যার ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে জামিন হলেও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারাগারে রয়েছেন।