থাইল্যান্ড পুলিশ সাইবার অনিয়ম ও ভয়েস ফিশিং অপরাধে সন্দেহভাজন ১২ জন দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইয়োনহাপ বার্তা সংস্থার উদ্ধৃতি দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ব্যাংককের দক্ষিণে সামুত প্রাকান প্রদেশের একটি বিলাসবহুল বাড়িতে পরিচালিত কল সেন্টারে অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযানে তাদের সঙ্গে একজন চীনা নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ অভিযানের সময় কল সেন্টারের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, কম্পিউটার, মোবাইল ফোন, প্রতারণার স্ক্রিপ্ট এবং দক্ষিণ কোরিয়ার ভুক্তভোগীদের একটি তালিকা উদ্ধার করে। অভিযুক্তরা প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে জানা গেছে।
অভিযুক্তরা নিজেদের সরকারি কর্মকর্তা বা কৌঁসুলি পরিচয় দিয়ে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের লক্ষ্য করে ভয়েস ফিশিং কার্যক্রম চালাত। থাইল্যান্ডে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূতাবাস আটক ব্যক্তিদের কনস্যুলার সহায়তা প্রদান করছে এবং স্থানীয় তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
থাইল্যান্ডের সীমান্তবর্তী কম্বোডিয়া ও মিয়ানমার বৈশ্বিক রোম্যান্স স্ক্যাম ও বিনিয়োগ প্রতারণায় জড়িত অপরাধী চক্রের প্রধান ঘাটিতে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে, গত বছর থেকে থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া ভয়েস ফিশিং চক্রের বিরুদ্ধে যৌথ তদন্ত জোরদার করেছে।