বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে বিএনপির দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মুজিবুর রহমান।
সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ফারুক আহাম্মদের উপস্থিতিতে তিনি জবানবন্দি দেন। ৬০ বছর বয়সী মুজিবুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং ২০২৫ সালে অবসর নেন।
জবানবন্দিতে তিনি বলেন, হাসানাত আবদুল্লাহ ও পুলিশ সুপার এহসানউল্লাহর নির্দেশে অধস্তন পুলিশ সদস্যরা ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করেন।
মুজিবুর রহমান জানান, ঘটনার দিন তিনি বরিশালের আগৈলঝাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং ওই রাতে 'রণপাহারা' ডিউটি পালন করছিলেন। তিনি বলেন, ঘটনার পর তিনি থানায় ফিরে আসার পর বিষয়টি জানতে পারেন এবং কোনো গুলি করেননি।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে হত্যার পরিকল্পনা করেন। মামলায় আবুল হাসানাত আবদুল্লাহ, এহসানউল্লাহ, মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।