মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাজের ভিসাহীন কর্মীদের দেশে ফিরে যেতে আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
ভিডিও বার্তায় বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম বলেন, অনিয়মিত বা ডকুমেন্টবিহীন বিদেশি অভিবাসীদের জন্য মালয়েশিয়ার সরকারের মাইগ্রেশন বিভাগের একটি বিশেষ কর্মসূচি চালু রয়েছে, যার নাম- মাইগ্র্যান্ট REPATRIATION PROGRAMME 2 তথা BRM 2.0।
এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা ডকুমেন্টহীন কর্মীরা আইনসম্মতভাবে ও নিরাপদে দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদেরকে সহজ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
তরিকুল ইসলাম জানান, আবেদনকারীদের বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যাদের বৈধ পাসপোর্ট নেই, তারা বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ট্রাভেল পারমিট নিতে পারবেন। এরপর দেশে ফেরার জন্য বৈধ বিমান টিকিট সংগ্রহ করতে হবে।
আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় নির্দিষ্ট নথিপত্র সঙ্গে রাখতে হবে। তিনি আরও বলেন, BRM 2.0-এর আবেদন করতে কোনো দালাল বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই।