ইতালির সারদিনিয়া দ্বীপের ওলবিয়া শহরের একটি রেস্টুরেন্টে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশি যুবক রায়হানসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা ঘটে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১০টায়।
আহত চারজনের মধ্যে একজন নাইজেরিয়ান, একজন ইতালিয়ান, একজন ব্রাজিলিয়ান এবং বাংলাদেশি রায়হান। জানা গেছে, আলজেরিয়ান বংশোদ্ভূত এক ব্যক্তি প্রথমে রেস্টুরেন্টের পাশের একটি বাঙালি পিৎজা-কাবাবের দোকানে ঢুকে পড়ে। সেখানে সুবিধা করতে না পেরে সে ইসি এশিয়ান ফিউশন রেস্টুরেন্টে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তি প্রথমে চিৎকার করে সাহায্য চেয়েছিল। তবে পরে সে ধারালো ছুরি দিয়ে রেস্টুরেন্টের মালিকের স্ত্রীর গলায় ধরে টাকা দাবি করে। এই সময় রায়হান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পরিস্থিতি মোকাবেলা করতে যান।
রায়হান জানান, তিনি এবং অন্য কয়েকজন মিলে মালিকের স্ত্রীর সাহায্যে এগিয়ে যান, কিন্তু ডাকাত তখন রায়হানের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। পরে রায়হান ডাকাতের হাত থেকে ছুরি নিয়ে পুলিশকে খবর দেন।
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের ১৪ দিনের বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।