বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানি খাতকে বহুমুখী করতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক এ. কে. এম. নূরুন্নবী ও অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খবিরুজ্জামান স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন রপ্তানিমুখী শিল্পের বিকাশে অর্থায়ন নিশ্চিত করা।
চুক্তির আওতায় প্রিমিয়ার ব্যাংক বিশেষ উন্নয়ন খাতের রপ্তানিকারকদের স্বল্পসুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে নতুন রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের এ সহযোগিতা দেশের রপ্তানি খাতের বহুমুখীকরণে সহায়ক হবে। এতে স্থানীয় কাঁচামালের ব্যবহার বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।