নারায়ণগঞ্জে সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন। তিনি কখনও মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।
ভিডিওতে উপস্থিত লোকজনের প্রশ্নের জবাবে আব্দুল মান্নান জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন, যার কারণে তিনি মদ পান করেছেন। তবে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ভিন্ন দাবি করেছেন। তিনি জানান, আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন এবং তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।