চট্টগ্রাম নগরের ওয়্যারলেস এলাকায় পুলিশের অভিযানের সময় গোপন সুড়ঙ্গপথে পালিয়ে যান ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা (৪২)। এ ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) খুলশী থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। হামলার সময় বগা ওসিকে ফোন করে মারধরের হুমকি দেন এবং তার মাকে গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। এরপর বগার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়তে শুরু করে।
পুলিশের দাবি, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। অভিযানের পর বগার বাসায় একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। পুলিশ জানায়, বগা ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান।
ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে এবং হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বগা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। সর্বশেষ একটি মামলায় বগাকে ২ নম্বর আসামি করা হয়।