পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকায় একটি জেটিতে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়ে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।
নাইজেরিয়ার পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, নিহতরা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর জন্য ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ‘ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।’ নাইজেরিয়ার সেনাবাহিনী জানায়, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং তেল চুরির সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।