ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের সঙ্গে ইরানের বাণিজ্য চুক্তির সম্ভাবনা খারিজ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কো রুবিও দ্য ব্রায়ান কিলমিড শো-তে বলেন, প্রতিটি দেশ নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনও ইরানি সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে।
রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেন, কোনো দেশের উচিত হবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা করা। তিনি সতর্ক করেন, যেসব রাষ্ট্র তেহরানকে অর্থ উপার্জনের বা সন্ত্রাসবাদে অর্থায়নের পথ তৈরি করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ওয়াশিংটন অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণে রাখতে চায়, তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও সংরক্ষণ করে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে, মার্কিন বাহিনীর রাত্রিকালীন হামলার কথা স্বীকার করে ট্রাম্প আরও আক্রমণের হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন যে তাদের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে।