মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান বেশি দিন চলবে না বলে মন্তব্য করেছেন। তিনি এই মন্তব্য করেন জুলাইয়ের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার পর।
বুধবার (০২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন ফেলতে সক্ষম একটি রকেট তৈরির চেষ্টা করছিল, যা যুক্তরাষ্ট্র ধ্বংস করেছে। তিনি আরও জানান, ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছিল এবং মার্কিন হামলায় এসব ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির কাছে তারা যে নতুন সরঞ্জাম তৈরি করার চেষ্টা করেছিল, আমরা সেগুলো ধ্বংস করে দিয়েছি। কিছু ছিল প্রতিরক্ষামূলক, কিছু আক্রমণাত্মক।’ তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় আবারও হামলা চালাতে প্রস্তুত।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যে, ইরানে ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। তিনি বলেন, ‘আমার নির্দেশনায় আমাদের সব ব্যবস্থা এই শাসনব্যবস্থাকে উৎখাতের জন্য কাজ করছে।’ তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে ইসরায়েল সরাসরি জড়িত ছিল কি না, তা নিশ্চিত করেননি তিনি।