ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়নকে সমস্যার ‘একমাত্র সমাধান’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, গাজাকে জনশূন্য করার পরিকল্পনা থেকে ইসরায়েল এখনও সরে আসেনি এবং এর বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে কাটজ এসব মন্তব্য করেন। তিনি জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়ার পরিকল্পনা এখনও ইসরায়েলের বিবেচনায় রয়েছে। তার মতে, উপত্যকাটি জনশূন্য করাই সমস্যার সমাধান।
কাটজ আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব থেকে সরে আসেননি, বরং এটি সাময়িকভাবে ‘স্থগিত’ রাখা হয়েছে। তিনি জানান, এই পরিকল্পনা নিয়ে আলোচনা এখনও চলছে।
তিনি বলেন, গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করতে মিশর অস্বীকৃতি জানিয়েছে। এর আগে, ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে উপত্যকাটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেয়ার প্রস্তাব সমর্থন করেছিলেন।
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো গাজাকে জনশূন্য করার এসব প্রস্তাবকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে বর্ণনা করেছে।