রায়পুরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফারুক মিয়া (৪৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ফারুক মিয়া চর-আড়ালিয়া ইউনিয়ন বিএনপির একজন কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল চলাকালে হঠাৎ দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ফারুক মিয়ার পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক চর-আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার এবং চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মিঠুর সমর্থকদের মধ্যে আগে থেকেই রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা ছিল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সেই বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি সংশ্লিষ্টদের।
আতাউর রহমান মিঠু অভিযোগ করেন, হাসানুজ্জামান সরকারের কয়েকজন সমর্থক তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে হাসানুজ্জামান সরকারের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ হিসেবে উভয় পক্ষের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বৈঠকে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “যারা বিএনপিতে থেকে বিএনপির নেতৃবৃন্দকে মারধর করবে, ওই বিএনপি করা লোক আমার দরকার নাই।”
তিনি আরও বলেন, সাত দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ ঘটনায় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় কোন্দল নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।