নাটোরের গুরুদাসপুরে দুই শিশু মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুদাসপুর থানার উপপরিদর্শক আবুল বাশার ও কনস্টেবল রাকিব আহত হয়েছেন। জেলা পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুই শিশুর জানাজা শেষে দাফনের সময় পুলিশ সদস্যরা সুরতহাল প্রতিবেদন করতে গেলে গ্রামবাসীর সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়।
জানা গেছে, শ্যামপুর গ্রামে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে ফারহান ইসলাম ও লাম ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়। জানাজার পর দাফনের প্রস্তুতির সময় পুলিশ সদস্যরা সুরতহাল প্রতিবেদন করতে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়।
স্থানীয়রা জানান, বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং তাদের স্থানীয় একটি মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ সদস্যরা সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন, যার ফলে তারা অবরুদ্ধ হন।