সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। তার মৃত্যুতে বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে আটক থাকা দীপু মনির প্যারোলে মুক্তি চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। তার বয়স ছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং হুইলচেয়ারে চলাফেরা করতেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তৌফিক নেওয়াজ।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। বুধবার তার প্যারোলে মুক্তি চেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন বরাবর আবেদন করব।’
প্রসঙ্গত, চব্বিশের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে ৬০টির অধিক মামলা দায়ের হয়েছে।