টাঙ্গাইলের ঘাটাইল পৌর শহরের ধারিয়াল এলাকায় পাঁচ দিন বয়সী যমজ কন্যা সন্তানকে রেখে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মারিয়া নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের বাবা সাকিব হোসেন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অভিযুক্ত মারিয়া ঘাটাইল পৌর এলাকার ব্যবসায়ী ময়েন উদ্দিনের মেয়ে। তার স্বামী সাকিব হোসেন পৌর শহরের ধারিয়াল এলাকার সোলায়মান হোসেনের ছেলে। নবজাতক দুই সন্তানের নাম রাখা হয়েছে মাহা এবং মানহা। স্থানীয়রা জানান, সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের পর পালিয়ে যান।
গত ১৩ আগস্ট স্থানীয় হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই কন্যা সন্তান প্রসব করেন মারিয়া। সাকিব জানান, ১৭ আগস্ট রাত থেকে কাউকে কিছু না জানিয়ে মারিয়া নবজাতক দুই সন্তানকে বাড়িতে একা রেখে চলে যান। এ ঘটনায় নবজাতক দুটির বেঁচে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সাকিব বলেন, "জমজ শিশু নিয়ে চরম বিপাকে পড়েছি। মায়ের অভাব কোনোভাবেই পূরণীয় নয়।" তিনি অভিযোগ করেন, শ্বশুর-শাশুড়ি তাদের বিয়ের বিষয়টি মেনে নেয়নি, যা এই ঘটনার পেছনে প্ররোচনা হতে পারে।
মারিয়ার বাবা ময়েন উদ্দিন জানান, তিনি মেয়ের অবস্থান জানেন না এবং এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছেন এবং শিশু দুটির মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।