উত্তর কলকাতার ‘ভারত সভা হল’-এ নির্ধারিত ‘মিট আপ’ শেষ মুহূর্তে বাতিল করার অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেছেন, বিজেপির চাপে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আশুতোষ বলেন, ‘ভারত সভা হল’-এর পাশাপাশি কলকাতার আরও প্রায় ৬টি অডিটোরিয়াম তাদের অনুষ্ঠান আয়োজনের জন্য বুকিং দিতে রাজি হয়নি। তিনি রাজনৈতিক চাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন।
আশুতোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাধা দিয়ে তাদের থামানো যাবে না এবং খুব শিগগিরই আরো বড় পরিসরে ‘মিট আপ’ আয়োজন করা হবে। তিনি জানান, যত আটকানোর চেষ্টা হবে, তারা তত শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে বাঁকুড়ার ইন্দাসের যুবক শেখ আব্দুল হাফিজের পরিবারের পাশে থাকার কথা জানান সিজেপির মুখপাত্র। সিজেপির দাবি, আব্দুলের বাবাকে হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।
আব্দুলের পরিবারের জন্য চার দফা দাবি তুলে ধরেছে ককরোচ জনতা পার্টি। দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা এবং আব্দুলের নামে অর্থ সংগ্রহ করে পরিবারকে সহায়তা করা।
আশুতোষ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সরাসরি নির্বাচনি রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান।