নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তারা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলার সময় তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। তিনি হামলাকারীদের মধ্যে হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পেছনে হারুন ও রায়হানের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। হামলাকারীরা তাদের প্রতিপক্ষ মনে করে গুলি চালিয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তনাধীন রয়েছে।