১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। জেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল শুরু হয়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে। সমাধিসৌধ এলাকায় পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।