শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে ‘প্যারেন্ট সার্কেল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ‘কমিউনিটি এনগেজমেন্ট ইন প্রাইমারি এডুকেশন’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রাখার পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ আরও জোরদার করা হবে।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা শুধু বিদ্যালয় ও শিক্ষকের দায়িত্ব নয়। একটি শিশুর শিক্ষা জীবনের ভিত শক্ত করতে পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির সম্মিলিত ভূমিকা প্রয়োজন। প্যারেন্ট সার্কেল কার্যক্রমের মাধ্যমে অভিভাবকরা শিশুদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ ও স্বাস্থ্য সম্পর্কে বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারবেন।
তিনি আরও জানান, বিদ্যালয়কে কমিউনিটির সঙ্গে যুক্ত করতে বন্ধু রেজিস্টার কার্যক্রমও শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে যারা প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী, তাদের একটি সংগঠিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এনজিও প্রতিনিধিরা সরকারের প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।