দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলন বা ‘যন্তর মন্তর সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। বুধবার এক সভা আয়োজনের জন্য হল না পাওয়ার অভিযোগ তুলে তিনি জানান, খুব শিগগিরই যন্তর মন্তরে আবারও আন্দোলনে নামবে তাঁর দল।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপক বলেন, “ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাঁদের জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।”
বুধবার দিল্লিতে দলের স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজনের পরিকল্পনা ছিল জানিয়ে তিনি অভিযোগ করেন, হল ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করলেও কেউ জায়গা দিতে রাজি হননি। তাঁর দাবি, হল মালিকেরা ‘ওপর থেকে চাপ’ আসার কথা জানিয়েছেন।
অভিজিৎ দীপক বলেন, “আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। এর রসিদও আমাদের কাছে আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, যদি এখানে সিজেপির সভা হতে দেওয়া হয়, তাহলে তাঁদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।”
এ ধরনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সিজেপি প্রতিষ্ঠাতা বলেন, “এই সবকিছু বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথাবার্তা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা দেশের যুবসমাজকে ভয় পায়।”
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে তাঁরা ভয় পেয়ে যাবেন বলে কেউ মনে করলে সেটি হবে ‘মারাত্মক ভুল’। বরং এসব ঘটনার প্রতিবাদে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের ঘোষণা দিয়ে অভিজিৎ দীপক বলেন, খুব শিগগিরই দিল্লির রাজপথে তাঁদের পরবর্তী কর্মসূচি দেখা যাবে।