রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’ করার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (০৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এই আদেশ দেন।
গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন, চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন (৩৩), উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষক মো. নান্নু মিয়া (৩৮), ব্যবসায়ী মো. আমিনুর রহমান (৪২) এবং তার ভাগনে সজল আহমেদ (২৯)।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে. এম মফিজুর রহমান আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তিনি জানান, আসামিরা দীর্ঘদিন ধরে গুলশান থানা এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে আসছিলেন।
শুনানির সময় আসামিদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। তিনি বলেন, আসামিরা নিরীহ এবং তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের প্রমাণ নেই। আদালত শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (০৭ আগস্ট) রাতে গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।