নীলফামারীর সৈয়দপুরে আন্নাবিউল উম্মি নামে এক পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে পরীক্ষা কেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন।
আন্নাবিউল উম্মি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে এবং কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকালের দিকে প্রসব ব্যথা শুরু হলে উম্মিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। পরে দুপুরের দিকে তিনি পরীক্ষার কেন্দ্র সচিবকে বিষয়টি জানিয়ে শারীরিক অসুস্থতা নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসকদের প্রাথমিক সেবা নেওয়ার পর উম্মি পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কেন্দ্র কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং পরীক্ষার শেষে নবজাতক সন্তানকে উপহার সামগ্রী দেওয়া হয়।
আন্নাবিউল উম্মি বলেন, ‘অনেক কষ্ট হচ্ছিল, তবু পরীক্ষা মিস করতে চাইনি। এক বছরের পরিশ্রম যেন নষ্ট না হয়, তাই এ অবস্থায়ই পরীক্ষা দিতে এসেছি।’
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, পরীক্ষার্থীর পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।