চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে লুকানো স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করেছে এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ তুষার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ গোয়েন্দা দল তাকে তল্লাশি করে।
তল্লাশির সময় তার অন্তর্বাসের ভেতরে লুকানো স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম হলেও এর প্রকৃত সোনার পরিমাণ নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব আদায় কর্মকর্তা আবুল কাশেম কালবেলা জানান, স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ধারণ শেষে উদ্ধারকৃত চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও সোনা চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।