গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়েছে। মাহ্ফুজ আটকের অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের দিকে ১০ থেকে ১২ জন ব্যক্তি মাহ্ফুজকে ওই বাড়িতে দেখতে পান এবং তাকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ করেন। এরপর স্থানীয়রা তাকে আটক করেন।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে মাহ্ফুজের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ তারা মনে করেন, মাহ্ফুজ একজন ছাত্রনেতা হিসেবে এমন ঘটনায় জড়ানো দুঃখজনক।
মাহ্ফুজ সরকার রাকিব বলেন, শুক্রবার সকালে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে এবং তিনি রাতে কনের বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু জানান, মাহ্ফুজের সঙ্গে তার মেয়ের আগে থেকেই সম্পর্ক ছিল এবং স্থানীয়দের মধ্যস্থতায় বিয়ে সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি আব্দুল মাজেদ সরকার বলেন, এ বিষয়ে রোববার (২ আগস্ট) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।