পাবনার ভাঙ্গুড়ায় শুক্রবার (৩১ জুলাই) দফায় দফায় সংঘবদ্ধ হামলা চালিয়ে একটি বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে দুই দফায় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
এ বিষয়ে জানা যায়, সকালে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সিদ্দিকের বাড়ির আংশিক ভাঙচুর করে। ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করা হলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়।
পুলিশের আসার খবরে ক্ষুব্ধ হয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জন পুনরায় সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। ভাঙ্গুড়া থানার কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি।
ওসি আরও জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।