আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে তাকে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুইটি সমঝতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তিনি কীভাবে দেশে আসবেন, সেটি তার নিজস্ব বিষয়। আইন অনুযায়ী, তিনি দেশে প্রবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশনও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না।