সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এ তথ্য জানান। তিনি বলেন, কাজ শেষ হলে শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে।
নতুন বেতন কাঠামো কার্যকর হলে আইএমএফের কাছ থেকে নতুন ঋণ পাওয়া যাবে কি না—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই।' তিনি জানান, বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চলছে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না।
অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আইএমএফ সরাসরি কিছু বলেনি। তারা রাজস্ব আহরণে সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।
গত ২১ এপ্রিল সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
এর আগে, ১২-১৬ জুলাই আইএমএফের একটি দল ঢাকায় এসে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে। তারা রাজস্ব আহরণে জোর দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর অর্থ সংস্থানের উৎস সম্পর্কে জানতে চায়।