রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় বেপারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ এর বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ভিকটিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন ভিকটিমের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্তে জানা যায়, হৃদয় অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে বিপুল টাকা হেরে যায় এবং দেনা মেটাতে আফরোজাকে হত্যা করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অন্যান্য প্রমাণ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক ও সিআইডির ক্রাইমসিন ইউনিটের রিপোর্টে আসামির অপরাধ প্রমাণিত হয়। আদালতে হৃদয় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক বলেন, এটি একটি ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ।